বিবিসি
সামরিক মহড়া চালিয়ে ইরান নিজেদের তৈরি করা মার্কিন বিমানবাহী রণতরির একটি ডামি ক্ষেপণাস্ত্রের আঘাতে ?ধ্বংস করেছে। হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত এই মহড়ার নাম ‘নবি মুহাম্মদ (স.)-১৪’ ছিল। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে মহড়াটি সরাসরি সম্প্রচার করা হয়।
পারস্য উপসাগরে নিয়মিত চলাচলকারী মার্কিন বিমানবাহী রণতরির মতো করে বানানো ঐ মডেলের ডেকে কৃত্রিম যুদ্ধবিমানও রাখা ছিল। মহড়ায় বিভিন্ন দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে কয়েকটি ঐ রণতরির মডেল লক্ষ্য করে ছোড়া হয়। হেলিকপ্টার থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র কৃত্রিম ঐ যুদ্ধজাহাজের একপাশে আঘাত হানে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, ‘বিমান ও নৌবাহিনীর দিক থেকে আজকের মহড়ায় যা দেখানো হয়েছে তার সবই ছিল আক্রমণাত্মক।’ পারস্য উপসাগরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই মহাড়া চালাল ইরান। এই মহড়ায় ভারী গোলাবর্ষণ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আঞ্চলিক দুটি ঘাঁটিকে সাময়িকভাবে সতর্ক অবস্থায় রাখে। মহড়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমনটি শনাক্ত হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত ও কাতারে আমেরিকান সেনারা সতর্ক হয়ে ওঠে। ‘ভয় দেখিয়ে ও বাধ্য করতে’ ইরান এই মহড়া চালিয়েছে বলে অভিযোগ করে দেশটির ‘দায়িত্বজ্ঞানহীন ও বেপরোয়া আচরণের’ নিন্দা করেছে মার্কিন নৌবাহিনী।
