মাস্ক না পরলে হাউজ থেকে বের করে দেওয়ার হুমকি মার্কিন স্পিকারের

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩৯

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়িয়ে যাওয়ায় কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সব সদস্য ও কর্মীকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই নিয়ম ভাঙলে তাকে চেম্বার থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি।

টেক্সাসের রিপাবলিকান সদস্য লুই গোমার্ট করোনা ভাইরাস ‘পজিটিভ’ শনাক্ত হওয়ার পর পেলোসি এই সিদ্ধান্ত নেন। গোমার্টকে প্রায়ই মাস্ক ছাড়া ক্যাপিটল ভবনে ঘুরতে দেখা যেত। বুধবার সন্ধ্যায় হাউজ ফ্লোরে এক বক্তব্যে ন্যান্সি পেলোসি বলেন, ‘চেম্বারে উপস্থিত অন্যদের এবং আশপাশের সবার স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণের কথা মাথায় রেখে সব সদস্য ও কর্মীরা মাস্ক পরার নিয়ম মানবেন বলে আশা করছি।’ তিনি বলেন, ‘কেউ মাস্ক না পরলে তা শিষ্টাচারের মারাত্মক লঙ্ঘন বলে বিবেচিত হবে।’ হাউজ সার্জেন্ট তাকে কক্ষ থেকে বের করে দিতে পারেন বলে জানান পেলোসি। তবে হাউজে বক্তব্য দেওয়ার সময় সদস্যরা মাস্ক খুলতে পারবেন বলেও জানান তিনি।                                                              —বিবিসি