সিডনি টেস্ট
স্পোর্টস রিপোর্টার
সিডনি থেকে দু’টো ফল আসতে পারে - হয় ভারতের জয়, না হয় ড্র। এর অর্থ হচ্ছে আজ পঞ্চম দিন যাই হোক না কেন ইতিহাসে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ে আর কোনো বাধা নেই বিরাট কোহলির দলের।
গতকাল চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ফলোঅনে ফেলেছে সফরকারী ভারত। ভারতের ৭ উইকেটে ৬২২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০০ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে প্রথম ইনিংসে ৩২২ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে অজিরা। ম্যাচের তৃতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৬ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে ১০ উইকেট হাতে নিয়ে আরও ৩১৬ রান করতে হবে তাদের। বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে গতকাল মাত্র ২৪.২ ওভার খেলা হয়েছে।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৩৬ রান করেছিলো অস্ট্রেলিয়া। পিটার হ্যান্ডসকম্ব ২৮ ও প্যাট কামিন্স ২৫ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনের ষষ্ঠ বলেই ভারতকে উইকেট শিকারের আনন্দে মাতিয়ে তুলেন পেসার মোহাম্মদ সামি। ক্যামিন্সকে ২৫ রানেই আটকে দেন সামি।
কিছুক্ষণ বাদে ফিরে যান হ্যান্ডসকম্বও। ৩৭ রানের বেশি করতে পারেননি তিনি। তাকে শিকার করেন ভারতের আরেক পেসার জসপ্রিত বুমরাহ। এরপর দলীয় ২৫৮ রানে নবম ব্যাটসম্যান হিসেবে নাথান লিঁওকে শিকার করে অস্ট্রেলিয়াকে দ্রুতই গুটিয়ে দেয়ার পথ তৈরি করেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। কিন্তু ভারতের আশাকে দীর্ঘায়িত করেন দুই টেল-এন্ডার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। শেষ উইকেটে ৪২ রান যোগ করেন তারা।
ফলে অস্ট্রেলিয়ার স্কোর ৩শ’ স্পর্শ করে। আর ঐ স্কোরেই অসিদের শেষ ব্যাটসম্যান হিসেবে হ্যাজেলউডকে শিকার করেন প্রতিপক্ষকে অলআউট করে দেন ভারতের কুলদীপ। হ্যাজেলউড ২১ রানে আউট হলেও, ২৯ রানে অপরাজিত থাকেন স্টার্ক। ভারতের কুলদীপ ৯৯ রানে ৫ উইকেট নেন। ছয় ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট নিলেন এই বাঁ-হাতি চায়নাম্যান।
ফলোঅনে পড়ে দিনের শেষভাগে আবারো ব্যাট হাতে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে উসমান খাজা চার ও মার্কাস হ্যারিস দুই রানে অপরাজিত আছেন। পঞ্চম দিন আদৌ এই জুটি এবং অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা মিলে ম্যাচ বাঁচাতে পারেন কি না, এখন সেটাই দেখার ব্যাপার। তবে ভারত জিতে গেলে অধিনায়ক বিরাট কোহলির মুকুটে আরেকটি নতুন পালক যোগ হবে।
ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে তিনি নাম লেখাবেন মহেন্দ্র সিং ধোনির পাশে। ধোনি তার ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে জিতেছেন ২৭টি টেস্ট। অন্যদিকে এখন অবধি অধিনায়ক কোহলির জয়ের সংখ্যা ২৬টি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত প্রথম ইনিংস: ৬২২/৭ ডিক্লেয়ার (পুজারা ১৯৩, পান্থ ১৫৯*, লিঁও ৪/১৭৮)।
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩০০ অলআউট (হ্যারিস ৭৯, হ্যান্ডসকম্ব ৩৯, স্টার্ক ২৯*; কুলদীপ ৫/৯৯, শামি ২/৫৮, জাদেজা ২/৭৩)
ও দ্বিতীয় ইনিংস: ৬/০, ৪ ওভার (খাজা ৪, হ্যারিস ২)।
