সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

আবারো পাকিস্তানের অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস রিপোর্টার

আসাদ শফিক ও বাবর আজমের ব্যাটিং দৃঢ়তায় ইনিংস হার এড়ানো গেলেও পরাজয় এড়াতে পারল না পাকিস্তান। কেপটাউনে দক্ষিণ আফ্রিকা জিতে গেল নয় উইকেটে বড় ব্যবধানে। পাকিস্তানের এই অসহায় আত্মসমর্পণে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে গেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জানুয়ারি, শুক্রবার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সিরিজ আগেই নির্ধারিত হয়ে যাওয়ায় এখন এটা সে ফ নিয়ম রক্ষার ম্যাচ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানে। ফলে টেস্ট জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪১। এক উইকেট হারিয়ে প্রায় দেড়দিনেরও বেশি সময় হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফাফ ডু প্লেসিসের দল। ২৪ রান করে অপরাজিত থাকেন ওপেনার ডিন এলগার। একটি উইকেট পান মোহাম্মদ আব্বাস। প্রথম ইনিংসে সেঞ্চুরির সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অধিনায়ক প্লেসিস।

এর আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে গেলে প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে ৪৩১ রান করে অল আউট হয়। সেঞ্চুরিয়ানে বক্সিং ডের টেস্টে শোচনীয়ভাবে হেরেছিল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টটি ছিল সফরকারীদের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় তা আর হয়ে ওঠেনি।

প্রথম ইনিংসের ব্যর্থতা ধরে রাখে তারা দ্বিতীয় ইনিংসেও। ডেল স্টেইন ও কাগিসো রাবাদার তোপের মুখে ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর আসাদ শফিককে নিয়ে কিছুটা লড়াই করেন ওপেনার শান মাসুদ। কিন্তু মাসুদকে ব্যক্তিগত ৬১ রানে ফিরিয়ে দিয়ে সেই জুটি ভাঙেন স্টেইন। পাকিস্তানের দলীয় রান তখন ১৫৯।

এরপর বাবর আজম এসে যোগ দেন শফিকের সঙ্গে। দুই জনের জুটিতে ৩৫ রান আসার পর আউট হয়ে যান শফিক। সাজঘরে ফেরার আগে ১১৮ বলে ৮৮ রানের লড়াকু একটি ইনিংস খেলেছেন তিনি। এরপর শুরু বাবর আজমের একার লড়াই। প্রোটিয়া বোলারদের বিপক্ষে বাবর দারুণ প্রতিরোধ গড়লেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

একসময় ইনিংস হারের শঙ্কাই পেয়ে বসে পাকিস্তানকে। তবে বাবর আজমের দৃঢ়তায় সেই লজ্জা থেকে রক্ষা পায় তারা। কিন্তু দলীয় ২৭০ রানে শেষ হয়ে যায় বাবর আজমের প্রতিরোধও। রাবাদা তাকে হাশিম আমলার তালুবন্দি করেন। ৮৭ বলে ৭২ রান করেছেন বাবর। এরপর আর বেশি দূর এগুতে পারেনি পাকিস্তানের ইনিংস। ২৯৪ রানে অল আউট হয়ে যায় তারা।

দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন স্টেইন ও রাবাদা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন ভারনন ফিল্যান্ডার ও ডুয়ান অলিভিয়ার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ১৭৭ অলআউট ও দ্বিতীয় ইনিংস ২৯৪ অলআউট (শফিক ৮৮, বাবর ৭২, শান ৬১, আফ্রিদি ১৪; স্টেইন ৪/৮৫, রাবাদা ৪/৬১)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪৩১

ও দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, দু প্লেসি ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ফাফ ডু প্লেসিস