৩১ বছর পর দেশের মাটিতে ফলোঅনে বাধ্য হলো অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে চলমান সিডনি টেস্টে চতুর্থ দিন গতকাল ফলোঅনে পড়ে অজিরা। ফলে ১৯৮৮ সালের পর আবারো দেশের মাটিতে ফলোঅনে পড়লো অস্ট্রেলিয়া। ২০০৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বশেষ ফলোঅনে বাধ্য হয়েছিল অজিরা। ট্রেন্টব্রিজে অসিদের ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড। দেশের মাটিতে সর্বশেষ অস্ট্রেলিয়াকে ফলোঅন করিয়েছিল ইংল্যান্ড। ভেন্যু ছিল, এই সিডনিই। শেষ পর্যন্ত ওই ম্যাচটি ড্র হয়েছিল। ফলোঅনে পড়ে চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৬ রান করেছে অস্ট্রেলিয়া। ইনিংস হার এড়াতে ১০ উইকেট হাতে নিয়ে আরো ৩১৬ রান করতে হবে অস্ট্রেলিয়াকে। তবে নিজেদের ক্রিকেট ইতিহাসে ৩৩ বছর পর অস্ট্রেলিয়াকে ফলোঅনে বাধ্য করলো ভারত। সর্বশেষ ১৯৮৬ সালে এই সিডনিতেই অজিদের ফলো-অন করিয়েছিল টিম ইন্ডিয়া। ওই টেস্টটিও শেষ পর্যন্ত ড্র হয়।
