রুদ্ধশ্বাস জয় পেল রংপুর

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

চিটাগং ভাইকিংসের কাছে হেরে বিপিএলের ষষ্ঠ আসর শুরু করেছিল রংপুর রাইডার্স। নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পেয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল খুলনা টাইটান্সকে ৮ রানে হারিয়ে প্রথম জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।

রংপুরের ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে খুলনার শুরুটা হয়েছে দুর্দান্ত। দুই ওপেনার পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দিকী ইনিংসের ১২তম ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগে যোগ করেছেন ৯০ রান। কিন্তু সেই ভিত কাজে লাগিয়ে জয় তুলে নিতে পারেনি খুলনা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান করতে সমর্থ হয় দলটি। 

স্টারলিং ৪৬ বলে ৬১ রান (৮ চার, ১ ছয়), জুনায়েদ ৩৩, মাহমুদউল্লাহ ২৪, আরিফুল ১২, জহুরুল অপরাজিত ১২ রান, ব্রেথওয়েট অপরাজিত ৬ রান করেন। রংপুরের পক্ষে শফিউল দুটি, মাশরাফি, ফরহাদ রেজা, বিনি হাওয়েল একটি করে উইকেট পান।

এর আগে টসে হেরে ব্যাট করে তিন উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। মেহেদী মারুফ (৫), অ্যালেক্স হেলস (১৫), মিঠুনের (১৯) বিদায়ে ৬৫ রানে তিন উইকেট হারানোর পর রংপুরের পক্ষে হাল ধরেন ওপেনার রাইলিশ রুশো ও রবি বোপারা। চতুর্থ উইকেটে ১০৩ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন তারা। রুশো ৫২ বলে অপরাজিত ৭৬ রান (৮ চার, ২ ছয়) করেন। ২৯ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন রবি বোপারা। খুলনার পক্ষে ব্রেথওয়েট, জহির খান ও আলী খান একটি করে উইকেট পান।