স্পোর্টস ডেস্ক
সাময়িক বিরতি ভেঙে মার্চেই আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন লিওনেল মেসি, হতে পারে সেটি ক্যাম্প ন্যুতেই! এমনই তথ্য দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।
মার্চের শেষ দিকে স্পেনে ভেনেজুয়েলার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কোচ লিওনেল স্ক্যালোনির আর্জেন্টিনা। তার একটি ম্যাচ হবার সম্ভাবনা আছে ক্যাম্প ন্যুতে। মাদ্রিদ ভিত্তিক পত্রিকাটির মতে সে ম্যাচ দিয়েই সাময়িক অবসর ভেঙে জাতীয় দলের পোশাকে ফিরতে পারেন মেসি।
গেল বছর রাশিয়া বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলো আর্জেন্টিনা। দলের বাজে খেলার খেসারত দিয়ে চাকরিচ্যুত হয়েছিলেন দলের তত্কালীন কোচ হোর্হে সাম্পাওলি। জাতীয় দল থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছিলেন বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া লিওনেল মেসি।
বিশ্বকাপের পরে মেসিহীন আর্জেন্টিনা তাদের অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে ছয়টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সেখানে চারটি জয়ের বিপরীতে হেরেছে একটিতে আর ড্র করেছে এক ম্যাচে। গত বছরের শেষ দিকে কোপা আমেরিকা পর্যন্ত স্ক্যালোনিকেই কোচ হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপরই কোপা আমেরিকায় মেসির জাতীয় দলে ফেরার ব্যাপারটি প্রকাশ পায়।
তবে এবার মার্কা জানাচ্ছে কোপা আমেরিকার একটু আগেই আলবিসেলেস্তেদের হয়ে ফিরতে পারেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ফিফার ম্যাচ এজেন্ট গিলের্মো তফোনি ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি স্পেনেই আয়োজনের ব্যাপারে চেষ্টা করছেন। সম্ভাব্য দুটি ভেন্যু হিসেবে আসছে বার্সেলোনা ঘরের মাঠ ক্যাম্প ন্যু আর অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোর নাম। ম্যাচ দুটি খেলতে বড় ভ্রমণের ঝক্কি না থাকায় মার্কার ধারণা এই ম্যাচ দিয়ে আবারও আকাশী সাদা পোশাকে ফিরবেন মেসি।
উল্লেখ্য, গত রাতে লা লিগায় বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে গেতাফের মুখোমুখি হয়েছেন বার্সেলোনা অধিনায়ক মেসি। লিগে ৩৯৮ গোল নিয়ে ম্যাচটি শুরু করা মেসি যদি গত রাতে দুই গোল করে থাকেন তবে লা লিগা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।
