সাতক্ষীরায় প্রচণ্ড শীতে শিশুদের মাঝে রোগের প্রকোপ বৃদ্ধি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:৪০

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত  জেলা সাতক্ষীরায়  দেশের উত্তরাঞ্চলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত। শীত ও কুয়াশার কারণে বিপাকে পড়েছে প্রাণীকুলও। সন্ধ্যার পর পরই মানুষ শহর ছেড়ে ঘরে যাচ্ছে। ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট ও বাজার। আর এই প্রচণ্ড শীতে শিশুদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিশুরা ব্যাপকহারে  কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, জন্ডিস ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত  রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে ডাক্তার না থাকায়  রোগীদের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

সাতক্ষীরার সদর হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানায়, গত একমাসে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ৩৬৪ জন  রোগী ভর্তি হয়। এর মধ্যে গত এক সপ্তাহে ভর্তি হয়েছে ৮৪ জন শিশুরোগী। এদের প্রায় সবাই শীতজনিত ডায়রিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের চিকিত্সক। অথচ এ হাসপাতালের শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতা মাত্র ১২ জন।

অধিকাংশ শিশুর চিকিত্সা চলছে মেঝেতে ও বারান্দায়। ১২ জন শিশুর ধারণ ক্ষমতার ওয়ার্ডে চিকিত্সা নিচ্ছে ৪০ জন শিশু। এতে করে হাসপাতাল কর্তৃপক্ষও চিকিত্সাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরও গত একবছর ধরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেই কোনো শিশুবিশেষজ্ঞ ডাক্তার। সাতক্ষীরা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার শামসুর রহমান দিনে দুইবার এসে সাতক্ষীরা সদর হাসপাতালে শিশু রোগীদের  দেখাশুনা করছেন বলে জানান  রোগীর স্বজনরা।

তালা উপজেলার তেলকুপি গ্রামের তানজিলা খাতুন জানান, তার ১৮ মাস বয়সের শিশু তারিম হোসেন ডায়রিয়া রোগে আক্রান্ত হলে গত চারদিন আগে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করান। কিন্তু হাসপাতালে কোনো শিশু ডাক্তার না থাকায় অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের হালিমা খাতুন জানান, তার শিশু মেয়ে রাইসা নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে সদর হাসপাতালে ভর্তি করান। তার অভিযোগ- ডাক্তার না থাকার পর কেন তার মেয়েকে ভর্তি করানো হলো। এখন কোথায় যাবেন তার অসুস্থ শিশু মেয়েকে নিয়ে তাই ভাবছেন এই গৃহবধূ।

শিশু ডাক্তার না থাকার বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সিভিল সার্জন  মোঃ রফিকুল ইসলাম জানান,  একটি জেলা সদর হাসপাতালে কোনো শিশু ডাক্তার  নেই এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের। এ নিয়ে কয়েকদফা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে লিখিতভাবে জানালেও কোনো লাভ হয়নি।

সাতক্ষীরা  মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ ডা. শামসুর রহমান জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, জন্ডিস ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে।