কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট ও স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে মাদক সেবনের প্রতিবাদে গতকাল রবিবার মানববন্ধন করে এলাকাবাসী। মুক্তির ডাক বাংলাদেশ সংগঠনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। বক্তব্য রাখেন মুক্তির ডাক বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক ম.ন.ফ বিদ্যুত্ সরকার, উপজেলা ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখক ডাক্তার নেই, ৫ জন এমবিবিএস ডাক্তার থাকলেও স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকেও পাওয়া যায় না। জরুরি বিভাগে ডাক্তার থাকে না। তারা আরো বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে ভিতরে রোগীর বেডে মাদক সেবীরা মাদক সেবন করে। দীর্ঘদিন ধরে হাসপাতালে ডাক্তার, অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধপত্র নেই। দূর-দূরান্ত থেকে অসুস্থ মানুষ হাসপাতালে এসে চিকিত্সা ছাড়াই ফিরে যাচ্ছেন।
রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: দেলোয়ার হোসেনের মোবাইল নম্বর ০১৭১২৬১২০৪০ একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
