উইন্ডিজের গতি নিয়ে চিন্তায় সৌম্য

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:০৪

স্পোর্টস রিপোর্টার

এই তো কয়েক মাস আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, কেমু পলদের গতিময় বোলিংয়ের সামনে চোখে সর্ষে ফুল দেখার যোগাড় হয়েছিল বাংলাদেশের ব্যাটসম্যানদের। বিশেষ করে টেস্টে মুশফিক-সাকিবদের নাস্তানাবুদ করেছেন ক্যারিবিয়ান পেসাররা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের শেষান্তে এখন বাংলাদেশ। গতকালই পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলের একাংশ। আজ বাকি সদস্যরা এসে পৌঁছাবেন।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার বলেছেন, উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটা কঠিন হবে। ঘরের মাঠে গ্যাব্রিয়েল, কেমু পল, ওশানে থমাসদের ‘এক্সপ্রেস’ বোলিং হতে পারে বাংলাদেশের জন্য বড় চিন্তার কারণ।

কাঁধের ইনজুরির কারণে বাংলাদেশে আসা হয়নি জ্যাসন হোল্ডারের। গ্যাব্রিয়েল, কেমু পল, ওশানে থমাসরাও ধারাবাহিকভাবে ১৪০ কিঃমি. গতিতে বোলিং করতে পারেন। যে কারণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে গতকাল সৌম্য বলেছেন, ‘অবশ্যই একটু কঠিন হবে। ওয়েস্ট ইন্ডিজের বোলাররা খুব কুইক, আমাদের উইকেটে কুইক বল খেলা একটু কঠিন। কারণ ডাবল পেস থাকে। আমাদের ওই চিন্তা না করে প্রস্তুতি নেওয়া উচিত। গতি সুইং, এসব আমাদের সামলাতে হবে। আমরাও তাদের সমকক্ষ, আমরা যে খুব খারাপ খেলছি তা নয়। যাই হোক আমাদের সামলাতে হবে, আমরা যত দক্ষভাবে সামলাতে পারব ততই ভালো হবে।’

তবে সৌম্য আশা করছেন, দ্রুতই মানিয়ে নিতে পারবেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। জিম্বাবুয়ের সেরা পেসার জার্ভিস বোলিং করেন ১৩০ কিঃমি.’র আশেপাশে। ঘরোয়া ক্রিকেটেও বাংলাদেশের নেই খুব দ্রুতগতির পেসার। তাই ১৪০ কিঃমি.’র বেশি গতিময় বল খেলা বড় পরীক্ষাই হবে।

সৌম্য বলেছেন, ‘যেমন ধরেন জিম্বাবুয়ের সাথে আমরা খেলছি, এখানে হয়তো ১৩৫-১৩৮ ছিল, কিন্তু ওদের পেস বোলাররা ১৪০ প্লাস এ বল করবে। অনেক সময় পরিবর্তন হয় উইকেটের কন্ডিশনের ওপর, উইকেটে যদি একই পেস থাকে, যেমন একই পেসে বল আসছে, কুইক বল কুইক বলই থাকে, আমাদের উইকেট খানিকটা আলাদা থাকে। একই পেসে আসে না, কুইক বল হলেও দেখা যায় ঠিক বাউন্সে বল আসে না।’

এসব পেসারদের খেলতে করণীয় জানতে চাইলে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘যেহেতু আমাদের ওই রকম কুইক বোলার নেই, আমাদের কুইক থ্রো ডাউন, বোলিং মেশিনে অনুশীলন করা, নিজের প্রস্তুতিটা নিজে করে নেওয়া।’

ব্যাটে-বলে পারফরম্যান্সের আলোকিত অক্টোবর কাটিয়েছেন সৌম্য। বাঁহাতি এই ক্রিকেটার এবার প্রস্তুত হচ্ছেন উইন্ডিজ সিরিজের জন্য। জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি (১১৭ রান) করেছিলেন। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাঁহাতি এই ক্রিকেটার।

গতকাল বিসিবি একাডেমিতে নিজের অনুশীলন নিয়ে সৌম্য বলেছেন, ‘নিজের কাজটা নিজে করছি। চেষ্টা করছি ফিটনেস, ব্যাটিং, বোলিং এক সাথে করার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে সামনে, যদি সুযোগ পাই তাহলে শেষ ম্যাচটার ফর্ম যেন ধরে রাখতে পারি, ভালো পারফর্ম করে নিজে যেন খুশি থাকতে পারি।’