২০ হাজার মানুষের চলাচলে চরম ভোগান্তি
আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ, হাসপাতাল, কৃষি ব্যাংক সংলগ্ন কুকুয়া গোছখালী খালের ওপর ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে । কৃষ্ণনগর পার্শ্ববর্তী চাওড়া ইউনিয়নের পাতাকাটা, হলদিয়া ইউনিয়নের রাওঘা গ্রামের ২০ হাজার মানুষের যোগাযোগের মাধ্যম কুকুয়া গোছখালী খালের ওপর ব্রিজটি ভেঙে যাওয়ায় জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে।
২০১১-২০১২ সালে এ আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়। প্রায় ২ বছর পূর্বে ব্রিজটির স্লিপার ভেঙে পড়ে যায়। ব্রিজ দিয়ে চলাচল ঝূঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয় মানুষ এবং শিক্ষার্থীরা ১৫০ ফিট লম্বা ব্রিজের ওপর কাঠের পাঠাতন (সাঁকো) দিয়ে পার হয়ে স্কুল হাসপাতাল ব্যাংকে যাতায়াত করেন। এতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক বিএসসি বলেন, রাওঘা, কৃষ্ণনগর, পাতাকাটার অনেক ছেলে-মেয়েরা স্কুলে আসে ঝূঁকিপূর্ণ এই ব্রিজ পার হয়ে। তিনি আরো বলেন, এ ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে শুধু ছোট ছোট স্কুলগামী শিশুরাই নয়, প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ আসা-যাওয়া করেন।
কুকুয়া ইউপি চেয়ারম্যান মো.বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার বলেন, ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেরামত করা খুব জরুরি। এ ব্যাপারে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবো।
