ফুলবাড়ির পালক মা-বাবার কাছ থেকে নিজ সন্তানকে ফেরত নিলেন মা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়িতে পালিত শিক্ষক দম্পতির কাছ থেকে দীর্ঘ পাঁচমাস পর নিজ কন্যা জান্নাতকে গত শনিবার সন্ধ্যায় ফেরত নিলেন জন্মধাত্রী মা মারুফা আক্তার (২৪)। সন্তান হস্তান্তরের সময় থানা চত্বরে এক হূদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় চোখের জল উপস্থিত কেউই ধরে রাখতে পারেননি।

থানা সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঘোড়ারপাড় বাগজানা গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেনের কন্যা ঢাকায় লেখাপড়ার সময় প্রেম করে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি তারিখে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বারাসিয়া গ্রামের মোহাম্মদ উল্লাহ তরফদারের ছেলে মহিবুল্লাহ তরফদারকে (৩০) পরিবারের কাউকে কিছু না জানিয়ে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারেন মহিবুল্লাহ একজন বিবাহিত এবং ঘরে স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। বিষয়টি জানার পর মারুফা বেগম তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ইতোমধ্যেই তিনি গর্ভবতী হওয়ায় তালাকের বিষয়টি বিলম্বিত হয়ে যায়। এরই মধ্যে ২০১৮ সালের ৯ আগস্ট তারিখে জয়পুরহাটের এক ক্লিনিকে একটি কন্যা সন্তান জন্ম দেন মারুফা। মারুফা বেগমের সিদ্ধান্তে জন্ম নেওয়া কন্যা সন্তানের দুই ঘণ্টা বয়সেই ডা. রোকেয়া বেগমের মাধ্যমে দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার পৌর শহরের সুজাপুর প্রফেসরপাড়া গ্রামের স্কুল শিক্ষক আশরাফুল আলম ও মাদ্রাসার প্রভাষক সিরাজ জাহান কল্পনা নিঃসন্তান দম্পতির কাছে এককালীন লালন-পালনের জন্য হস্তান্তর করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে গত ২০১৮ সালের ২৫ ডিসেম্বর তারিখে মারুফা বেগম তার কন্যা সন্তান ফেরত নেওয়ার জন্য ডা. রোকেয়া বেগমসহ ফুলবাড়ীতে এসে ওই শিক্ষক দম্পতির বাড়ি যান।

কিন্তু বাচ্চার মায়া-মমতায় আবদ্ধ হওয়া ওই দম্পতি কন্যা সন্তানকে দিতে অসম্মতি জানান। এ নিয়ে থানায় ওই দিনই অভিযোগ দেন মারুফা বেগম। এ নিয়ে সালিস বৈঠক বসে থানায়। শনিবার সন্ধ্যায় নিজ সন্তানকে ফেরত নিতে থানায় হাজির হন মারুফা বেগম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতায় শেষতক পালিত পিতা-মাতার কাছ থেকে জন্মধাত্রী মা মারুফা বেগমের কাছে তার কন্যা সন্তানকে হস্তান্তর করা হয়।