নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
নাচোলের কসবা ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল জাব্বারের দোকান ঘর ও নৌকার নির্বাচনী পার্টি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ১নং কসবা ইউনিয়নের উজিরপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘর মালিক আব্দুল জাব্বার জানান, শনিবার রাত ১০টায় ওষুধের দোকান ঘর বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রবিবার ভোরে দোকানে এসে দেখেন কে কারা দোকান ঘর ও নির্বাচনী পার্টি অফিসটি সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে।
ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান, দোকান ঘরের সামনে আওয়ামী লীগের নির্বাচনী পার্টি অফিস ছিল এবং অফিসের সামনে নৌকা টাঙানো ছিল। পোস্টার দিয়ে নির্বাচনী অফিস ঘেরা ছিল। এ ব্যাপারে নাচোল থানার ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
