মালির মধ্যাঞ্চলে রোববার পৃথক দু’টি হামলায় কমপক্ষে দেশটির অন্তত পাঁচ সৈন্য নিহত হয়েছে। আহত আরও পাঁচ জন। এসব হামলার ঘটনায় জিহাদিদের দায়ী করা হয়। দেশটির সেনাবাহিনী ও স্থানীয় সূত্র একথা জানায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কর্মকর্তা এএফপি’কে বলেন, গমা-কৌরা গ্রাম থেকে দিয়াবালি শহরে যাওয়ার সময় সামরিক বাহিনীর একটি গাড়িবহর হামলার শিকার হয়।
তিনি জানান, এ হামলার পর চারটি পিকাপ ট্রাক এবং একটি সাঁজোয়া গাড়ি নিখোঁজ রয়েছে।
টুইটারে দেয়া মালির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একই সময় গমা-কৌরার একটি সেনা ক্যাম্পে কামান হামলা চালানো হয়। এতে কিছু গাড়ি ধ্বংস হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘শত্রু’ পক্ষের কত জন হতাহত হয়েছে এখন পর্যন্ত তা জানা যায়নি।
সামরিক গাড়িবহরে এ হামলার ঘটনায় জিহাদিদের দায়ী করা হয়।
গত ১৫ জুন মালির মধ্যাঞ্চলে হামলায় ২৪ সৈন্য নিহত হওয়ার ঘটনায়ও জিহাদিদের দায়ী করা হয়।
ইত্তেফাক/এসআর
