স্পোর্টস রিপোর্টার
অনেকদিন হলো চোটকে সঙ্গী করে ঘুরছেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। পুরনো সেই ব্যথাটা বেড়ে যায় সদ্যসমাপ্ত ভারত সফরে। আর ভারত সফরের ঠিক শেষেই মিললো দুঃসংবাদ। বাংলাদেশে লম্বা সফরে একটাও ম্যাচ খেলতে পারবেন না এই পেস বোলিং অলরাউন্ডার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী জনি গ্রেভ জানিয়েছেন, চার সপ্তাহ পর আবার পর্যবেক্ষণ করে দেখা হবে হোল্ডারের অবস্থা। গত বছরখানেক হলো দারুণ ফর্মে আছেন হোল্ডার। টেস্ট কিংবা ওয়ানডে—দুই ফরম্যাটেই তিনি দলের সেরা পারফরমারদের একজন।
জনি গ্রেভ ক্যারিবিয়ন নিউজ সার্ভিসকে জানান, এই মুহূর্তে বাংলাদেশে হোল্ডারকে পাঠিয়ে ঝুঁকি নিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। তিনি বলেন, ‘হোল্ডারকে নভেম্বর-ডিসেম্বরে ফিজিওথেরাপি নিতে হবে। ফলে, চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। হোল্ডারের কাঁধের পেশীর টেন্ডন অংশত ছিঁড়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশ গিয়ে বল করলে ওটা পুরোপুরি ছিঁড়ে যাবে। ফলে, তখন অস্ত্রোপচারের কোনো বিকল্প থাকবে না। আর অস্ত্রোপচার মানেই লম্বা সময়ের জন্য ওকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। তাই এই মুহূর্তে বাংলাদেশে ওকে পাঠিয়ে আমরা ঝুঁকি নিতে চাই না। বরং বার্বাডোজে রেখে ফিজিওথেরাপির মাধ্যমে ওকে সুস্থ করে শতভাগ ফিট করা হবে।’
বাংলাদেশ সফরে আসতে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ হোল্ডার। তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে যেতে না পারায় আমি অবশ্যই হতাশ। তবে মেডিক্যাল দলের সঙ্গে পরামর্শের পর আমাদের মনে হয়েছে, আমার কাঁধের চলমান সমস্যা সামলাতে এবং আরও ক্ষতি হওয়া থেকে রক্ষা পেতে এটি ছাড়া উপায় নেই। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই এই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আমাকে। ব্যথা সামলে খেলেছি। কিন্তু এখন এমন অবস্থায় গিয়েছে যে, সামনের দিকে তাকিয়ে আমাকে সময় নিতেই হবে।’
হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। নিজে খেলতে না পারলেও দলের ওপর ভরসা রাখছেন হোল্ডার। বললেন, ‘খেলতে না পারায় আমি হতাশ। তবে আমার বিশ্বাস, বাংলাদেশকে আবার হারানোর সামর্থ্য আমাদের ছেলেদের আছে। আশাকরি আমরা লড়াই করব এবং আরও একটি সিরিজ জয়ের স্বাদ পাব।’
গতকাল থেকেই বাংলাদেশে আসতে শুরু করেছে বিশাল বহরের ক্যারিবিয়ান দল। গতকাল ১০ জন সদস্য সরাসরি ভারত থেকে ঢাকা এসে সন্ধ্যায় চট্টগ্রাম চলে গেছেন। বাকি ১৭ জন তিনটি ভাগে ভাগ হয়ে আজ বৃহস্পতিবার আসবেন সুদূর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক বিভাগ এই খবর নিশ্চিত করেছে। সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এরপর ৩০ নভেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজ শুরুর আগে আগামী ১৮ নভেম্বর থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
এই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে স্টুয়ার্ট ল’র শেষ অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। দুই টেস্ট ছাড়াও বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। নয় ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২২ ডিসেম্বর শেষ হবে চলতি বছরে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।
