গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
গোবিন্দগঞ্জে সিএনজি চালককে হত্যা করে সিএনজি আটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিএনজি চালক মোফাজ্জল হোসেন প্রামাণিক গত শনিবার বিকেল ৪টায় কয়েকজন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। রবিবার বেলা ১১টায় পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের উলিপুর এলাকার একটি ডোবা থেকে হাত-পা বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, শনিবার বিকেলে কয়েকজন যাত্রী গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে আসার নাম করে মোফাজ্জলের সিএনজি ভাড়া নিয়ে মহিমাগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এরপর রাতের কোনো এক সময় ওই যাত্রীবেশী সিএনজি ছিনতাইচক্রের সদস্যরা শালমারা ইউনিয়নের উলিপুর এলাকার একটি ব্রিজের কাছে তাকে হত্যা করে লাশ ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
