বরিশাল অফিস
সাহসিকতা কাজের জন্য পুরস্কৃত হয়েছেন বরিশালের আনসার সদস্য সুমন।
গত বছরের ১৩ নভেম্বর বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পেট্রোল পাম্পের ফিলিং পাইপ ও মেশিনে আগুন লেগে পুরো ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। পেট্রোল পাম্প সংলগ্ন এল পি গ্যাস পাইকারি বিক্রির দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাম্প পার্শ্ববর্তী রূপালী ব্যাংক লিঃ সেন্ট্রাল বাস টার্মিনাল শাখায় নিয়োজিত আনসার সদস্য মো. সুমন ডিউটিরত অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে করে রূপালী ব্যাংক লিঃ সহ আশেপাশের হাজারো ব্যবসা প্রতিষ্ঠান ও পাম্পটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। এর প্রতিদানস্বরূপ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সাহসিকতামূলক কাজের স্বীকৃতিস্বরূপ সুমন আনসারকে ৩০ হাজার টাকা প্রদান করেন।
মেজর জেনারেলের প্রেরিত চেক শনিবার আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট ফিরোজ আহমেদসহ অন্য কর্মকর্তারা সুমনের হাতে তুলে দেন।
