স্পোর্টস ডেস্ক
চেলসির বিপক্ষে লিগে পারফরম্যান্স যেমনই হোক, নকআউট লড়াইয়ে বরাবরই জয়জয়কার ছিল আর্সেনালের। ব্যাপারটার প্রমাণ আরো একবার গানাররা দিল এফএ কাপ ফাইনালে। পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে নগর প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে মৌসুমের একমাত্র শিরোপাটি জেতে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।
আর্সেনালের ট্রফি কেসে শেষ শিরোপাটি উঠেছিল ২০১৭ সালে। সেটা ছিল এফএ কাপ শিরোপা, এসেছিল এই চেলসিকে হারিয়েই। ফাইনালের সূচি ঘোষণার পর থেকেই মূলত গানারদের সামনে সম্ভাবনা তৈরি হয়েছিল চার বছর আগের পুনরাবৃত্তির। কাকতালীয়ভাবে সেবারের মতো এবারও সেমিফাইনালে তাদের প্রতিপক্ষও ছিল ম্যানসিটি, নগরপ্রতিদ্বন্দ্বী চেলসিও হারিয়ে এসেছিল ম্যান ইউনাইটেডকে!
তবে এত সব কাকতাল আর সম্ভাবনাকে ম্যাচের শুরুতেই এক রকম বুড়ো আঙুলই দেখিয়ে চেলসিকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। তবে ম্যাচে ফিরতে আর্সেনাল মাত্র মিনিট বিশেক সময় নেয়। গোল আসে অধিনায়ক পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের পেনাল্টি থেকে। দ্বিতীয়ার্ধে তারই দুর্দান্ত একক নৈপুণ্যের গোলে রেকর্ড ১৪তম শিরোপা নিশ্চিত হয় আর্সেনালের। স্কোর লাইনটাও কাকতালীয়ভাবে ২০১৭ এর মতোই, ২-১!
প্রথম আফ্রিকান অধিনায়ক হিসেবে এফএ কাপ জেতার দিনে জোড়া গোলের সুবাদে ম্যাচসেরার পুরস্কারটাও ওঠে অবামেয়াংয়েরই হাতে। কোচ আর্তেতার ঝুলি ভরেছে অর্জনে। প্রিমিয়ার লিগ যুগে প্রথম কোচ হিসেবে প্রথম মৌসুমেই দলকে বড় কোনো শিরোপা জেতানোর কৃতিত্ব দেখান স্প্যানিশ এই কোচ।
মাঠের বাইরে অবশ্য আরো বড় লড়াইটাই লড়তে হয়েছে পেপ গার্দিওলার সাবেক সহকারীকে। মার্চে আক্রান্ত হয়েছিলেন করোনায়, পড়ে গিয়েছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেই! গেল জুনে খেলায় ফেরার পর ছিল ঠাসবুনোটের সূচির ধকল সামলে নেওয়ার চ্যালেঞ্জ! আর মাঝ-মৌসুমে দলের দায়িত্ব নেওয়া তো যে কোনো সময়ই চ্যালেঞ্জের! সব পরীক্ষা উতরে প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দেন স্প্যানিশ এই কোচ!
প্রতিক্রিয়ায় এসে এ জয়ের সব কৃতিত্ব দিলেন দলকে। আর্তেতার ভাষ্য, ‘দলের জন্যে ইউরোপে থাকা জরুরি। শিরোপাটা জিতে আমরা সেটা অর্জন করতে পেরেছি! ১৪তম শিরোপা জিতলাম! এতে সবারই অবদান আছে, আমি সবাইকেই ধন্যবাদ জানাতে চাই।’
