গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দে নিখোঁজের দুই দিন পর রবিবার জুবায়ের হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে। দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের হোসেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের এলাইল হাফেজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র। শুক্রবার বিকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে সে বাড়ি থেকে বের হয়। পথে অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির মুখে চেতনানাশক ওষুধ স্প্রে করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। এদিকে বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও শিশু জুবায়ের মাদ্রাসায় পৌঁছায়নি খবর শুনে তার পরিবারসহ প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজ করে। কিন্তু জুবায়েরের কোথাও সন্ধান মিলছিল না।
পরদিন শনিবার নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবা মো. আবু সাঈদ গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। খোঁজাখুজির একপর্যায়ে রবিবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকায় রেললাইনের পাশ থেকে নিখোঁজ শিশু জুবায়েরকে উদ্ধার করে তার পরিবারের লোকজন।
