গাজীপুর ৩ নির্বাচনী এলাকার শ্রীপুর উপজেলাধীন কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন নদীভাঙনকবলিত একটি গ্রাম। যেখানে রয়েছে বসতবাড়ি, শত শত হেক্টর আবাদি জমি। রয়েছে বিভিন্ন স্থাপনা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, বিএডিসি-র সৌর বিদ্যুত্ প্রকল্পসহ অনেক কিছু। গ্রামটির একটি বড় অংশ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত—সেহেতু প্রতি বছরই নদীভাঙনে বিলীন হয়ে যাচ্ছে রাস্তাসহ বাড়িঘর। এই গ্রামের সাধারণ মানুষের ভিটেবাড়িটুকই শেষ সম্বল। নদীভাঙনে বাড়ি গেলে অন্য কোথাও মাথা গোঁজার ঠাঁইটুকুও তাদের নেই। নদীর পাড় এলাকার লোকজন বাড়িঘর হারাতে বসেছে। অবশ্য ১৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নদীর পাড়ে ভাঙন নিরোধক বিশেষ বেড়িবাঁধ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যেখানে ১৭০ মিটার সিসি ব্লক এবং ৩০০ মিটার সিসি বস্তা বসানো হয়। তারপর আর এই বিধ্বংসী ভাঙন রোধে কোনো কাজ হয়নি। অথচ বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। পরিশেষে, নদীভাঙনকবলিত জনমানুষের দুর্দশা সরেজমিনে দেখে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
মাহাথির মোবারক, শ্রীপুর, গাজীপুর
