ঝিনাইদহের কালীগঞ্জে ও জয়পুরহাট জেলার ক্ষেতলালে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ও বিকেলে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে।
ঝিনাইদহ থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ কালীগঞ্জে বজ্রপাতে জাহিদুল ইসলাম (২০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাড়িপাড়া গ্রামের মাঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার রাকড়া গ্রামের শফিয়ার রহমানের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার দুপুরে তাদের মাঠে একটি ক্ষেতে আমন রোপনের জন্য জাহিদুল পাওয়ার টিলার দিয়ে জমি চষার কাজ করছিলেন। হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমে অঝোরে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে জাহিদ গুরুতর আহত হয়ে ক্ষেতের মধ্যেই পড়ে অচেতন হয়ে পড়েন। এরপর তার বাবাসহ মাঠের লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: ‘৮ মার্চের পর ইতালিতে অনুপ্রবেশকারীরা অবৈধ, ফেরত পাঠানো হবে নিজ দেশে’
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটে বজ্রপাতে সেকেন্দার আলী (৫১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলার পৌলুঞ্জ গ্রামের মাঠে কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত কৃষক সেকেন্দার আলী পৌলুঞ্জ গ্রামের উমির উদ্দিনের ছেলে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু রায়হান জানান, সেকেন্দার আলী প্রতিদিনের মতো নিজের জমিতে কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে তার পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় একই গ্রামের মতলুব হোসেন নামের আরও একজন কৃষক আহত হয়েছেন।
ইত্তেফাক/এসি

