ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৪৩

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই টুইট করে বিষয়টি দেশের মানুষকে জানিয়েছেন। একই দিন দেশটির উত্তর প্রদেশ রাজ্যের এক মন্ত্রী করোনায় মারা গেছেন। ভারতে প্রতিদিন অর্ধলক্ষাধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে। এতে  একের পর এক আক্রান্ত ও মৃত্যু হচ্ছে অনেক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের। অমিত শাহকে হরিয়ানার মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক টুইটে অমিত শাহ বলেছেন, রবিবার তার করোনা ধরা পড়ে। তিনি বর্তমানে ‘সুস্থ’ আছেন। ‘চিকিত্সকদের পরামর্শে’ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান। ৫৫ বছর বয়সি অমিত শাহ বলেন, করোনার প্রাথমিক কিছু উপসর্গ থাকায় পরীক্ষা করান তিনি। তাতে ফল পজিটিভ আসে। এখনো পর্যন্ত জটিল কোনো শারীরিক উপসর্গ দেখা দেয়নি।  গত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছেন, তাদের আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। কয়েক দিন আগেই মন্ত্রিসভার একাধিক বৈঠকে অংশ নিয়েছিলেন অমিত শাহ। এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। টুইটারে এক পোস্টে বিজেপির ঐ প্রবীণ নেতা লেখেন, তিনি নিজে সুস্থ বোধ করলেও চিকিত্সকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, করোনায় আক্রান্ত হয়ে উত্তর প্রদেশের মন্ত্রী কমল রানি বরুণ মারা গেছেন।—এনডিটিভি