সিনহার মাকে প্রধানমন্ত্রীর ফোন, সুষ্ঠু বিচারের আশ্বাস

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের পরিবারকে সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের (৩৬) মা নাসিমা আক্তারকে ফোন করে সমবেদনা ও সান্ত্বনা দিয়ে উল্লিখিত আশ্বাস দেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সিনহা মো. রাশেদ খানের পরিবার। পরে নাসিমা আক্তার গণমাধ্যমকে জানান, ‘সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। ছেলের এমন মৃত্যুতে প্রধানমন্ত্রী সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আমিও একই পথের পথিক। আপনাকে কিছু বলার মতো ভাষা আমার নেই। আমিও পুরো পরিবার হারিয়েছি।’ নাসিমা আক্তার বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, ছেলেকে ফিরে পাব না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে।’

শুক্রবার রাত ৯টার দিকে কক্সবাজারের টেকনা?ফ উপ?জেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। তিনি যশোরের ১৩ বীর হেমায়েত সড়কের সেনানিবাস এলাকার মৃত এরশাদ খানের ছেলে। ৩৬ বছর বয়সি রাশেদ খান স্পেশাল সিকিউরিটি ফোর্সেও দায়িত্ব পালন করেছিলেন। তার বাবা প্রয়াত এরশাদ খান ছিলেন অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক উপসচিব। রবিবার বিকালে যশোরে নিজ গ্রামে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের দাফন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছিল সাবেক ঐ সেনা কর্মকর্তার মরদেহ।