ইত্তেফাক রিপোর্ট
গত এক বছরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯শ ৩ কোটি ৭৪ লাখ ২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। এছাড়া মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৭শ ৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ৩১৬ জন বাংলাদেশী নাগরিককে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে। গতকাল রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানকালে ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৫১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ লাখ ৫৯ হাজার ১৫০ বোতল ফেনসিডিল, ৭৯ হাজার ২৮৬ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬০৮ লিটার বাংলা মদ, ৩৬ হাজার ৪৩৫ ক্যান বিয়ার, ১৩ হাজার ৬৮২ কেজি গাঁজা, ৩৩ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ লাখ ৩৪ হাজার ৬৯৫ পিস এনেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ১৯ হাজার ৪৪৮টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৪৭ লাখ ৩ হাজার ৮২৪ পিস অন্যান্য ট্যাবলেট জব্দ করা হয়েছে। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯৫ কেজি ৭৮৯ গ্রাম স্বর্ণ, ৯৩ হাজার ৮শটি শাড়ী, ২৬ হাজার ৮৫টি থ্রিপিস বা শার্টপিস, ১ লাখ ১৮ হাজার ৮৩৬ মিটার থান কাপড়, ৪৩ হাজার ৫৯টি তৈরি পোশাক, ২ লাখ ৩৮ হাজার ৫০২ সিএফটি কাঠ ও ৭২ হাজার ৪৭৯ কেজি চা পাতা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানকালে জব্দকৃত অস্ত্র-বিস্ফোরকের মধ্যে রয়েছে, ৬৩টি পিস্তল, ৮টি ওয়ান শ্যুটার গান, ৪টি একনলা পিস্তল, ১টি একে-৪৭ রাইফেল, ৩টি রিভলবার, ১০টি এয়ার পিস্তল, ১১টি এয়ার গান, ৩টি পাইপ গান, ৮টি ওয়ান শ্যুটার পিস্তল, ১টি দুইনলা বন্দুক, ৭৬টি ম্যাগাজিন, ৩৭২ রাউন্ড গুলি, ৫৬টি ককটেল, ১২টি বিভিন্ন প্রকারের বোমা, ৫০৪ কেজি সালফার, ১০টি বিস্ফোরক (নিউজেল-৯০), ১৭টি ডেটোনেটর ও ২৮ কেজি ১০০ গ্রাম গান পাউডার।
