এবার দুরন্ত প্রেমিকার চরিত্রে

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২০:১৭

ফ য় জু ল  আ ল  আ মী ন

 

গল্পটা টিনি ও তার প্রেমিক তমালের। টিনি যেমন ডাকাবুকো সাহসী, তমাল ভীতু প্রকৃতির ছেলে। টিনি তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন; কৌশলী। যে কোনো মানুষের সঙ্গে মিশে যাওয়ার এবং পর্যবেক্ষণ করার অসামান্য ক্ষমতা রয়েছে তার। তমাল বেশিরভাগ সময় দ্বিধান্বিত। নিজেকে মনে করে চালাক; কিন্তু প্রকৃতঅর্থে অতি চালাক। তাই বাংলা প্রবাদের বাস্তবতা মাঝেমধ্যেই তার জীবনে সত্য হয়ে দেখা যায়। তাদের প্রেম পাঁচ বছরের হলেও তমাল টিনিকে বিয়ে করা নিয়ে দ্বিধান্বিত। তমালের পরিবার থেকে যে মেয়ের সঙ্গে বিয়ে দেবে তাকেই বিয়ে করবে সে। তমালের এই পলায়নমুখী মনোভাব বুঝতে পেরে টিনি প্রায় জোর করে তমালকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে। কিন্তু ভীতু তমাল টিনির হাত-পা ধরে বোঝায়— এখনই সে তাকে তার বাসায় নিয়ে যেতে পারবে না। বাসার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে তারপর টিনিকে নিয়ে যাবে। টিনি কদিন অপেক্ষা করে যখন বুঝতে পারে তমালের পলায়নমুখী মনোভাব এখনো দূর হয়নি তখন সে নিজেই একদিন তমালের বাড়িতে এসে উপস্থিত হয়। সবার প্রশ্নের মুখে তমাল স্বীকার করতে বাধ্য হয়, টিনিকে সে বিয়ে করেছে। শুরু হয় টিনির শ্বশুরবাড়িতে দিন যাপন। যেখানে শ্বশুর, শ্বাশুড়ি, ননদ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তার বিপক্ষে। তমাল টিনিকে বলে, কেন টিনি তাদের দুজনের এতবড় সর্বনাশটা করল? টিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তমালকে বলে, সে ঠিক এক মাসের মধ্যে শ্বশুরবাড়ির সবার মন জয় করে ফেলবে; কিন্তু তমালের জীবন সে নরক বানিয়ে ছাড়বে—এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘মিথ্যে ঘটনা অবলম্বনে’। মাহমুদ হাসান রানার পরিচালনায় এই নাটকের টিনি চরিত্রে অভিনয় করেছেন হালের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সাবিলা নূর। শফিকুর রহমান শান্তনুর রচনায় এতে আরও অভিনয় করেছেন জোভান, মনিরা মিঠু, মাসুম বাসার প্রমুখ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘নাটকে আমার চরিত্রটি বেশ মজার। সব মিলিয়ে নাটকটিতে অভিনয় করতে পেরে আমি আনন্দিত।’ নাটকটি ঈদুল আজহায় আরটিভিতে প্রচারিত হয়।