মানিকগঞ্জে দায়িত্বে অবহেলার দায়ে ইউপি সদস্যকে জরিমানা

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৭

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেনকে দায়িত্বে অবহেলার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন এ জরিমানা করেন।

জানা যায়, গত ২৮ জুলাই ইউনিয়নের ২০০ জনের মধ্যে ১০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়। ২ নম্বর ওয়ার্ডের ৯ জন ঐদিন চাল নিতে না আসায় তাদের তিন বস্তা চাল ইউপি সদস্য কামাল হোসেন নিজ দায়িত্বে এনে নয়াকান্দি গ্রামের শেখ আব্দুল মজিদের বাড়িতে রাখেন এবং ৯ জনকে ঐ বাড়ি থেকে চাল নিয়ে যেতে বলেন। গতকাল স্থানীয় লোকজন চালের বস্তা দেখে উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন বুধবার পর্যন্ত চাল বিতরণ না করে দায়িত্বে অবহেলা করায় ইউপি সদস্য কামাল হোসেনকে এ জরিমানা করেন।