মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত মন্তব্য করে এখন পর্যন্ত অনেকবার সমালোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি বললেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভার্চুয়াল প্রতিরোধ ক্ষমতা রয়েছে শিশুদের। যদিও বিজ্ঞানীরা তার এই মন্তব্যের সপক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে পারেননি। বিজ্ঞানীদের মতে, শিশুদেরও অন্য সবার মতো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এবং তারা অন্যদেরও আক্রান্ত করতে সক্ষম। মূলত শিশুদের স্কুলে ফেরানোর যুক্তি হিসেবে তিনি এই মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, শিশুদের বিষয়টি খেয়াল করলে দেখবেন তারা বলা যায় পুরোপুরি করোনা প্রতিরোধী। এটা বিশ্বাস করা কঠিন। আমাদের চেয়ে শিশুদের শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। আমি জানি না, আপনারা বিষয়টিকে কীভাবে দেখবেন। শিশুদের করোনা ভাইরাসের কোনো সমস্যাই নেই। তিনি অবশ্য নিজেই স্বীকার করেন যে, এমন বক্তব্যের জন্য তিনি গণমাধ্যমে সমালোচিত হবেন। তার একটাই যুক্তি, আসলে শিশুরা করোনা সমস্যা থেকে ভার্চুয়ালি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন।-সিএনএন
