অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আর্থিক খাতের সমস্যগুলো আগে চিহ্নিত করে এর সময় ভিত্তিক সমাধান করবেন বলে জানিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। গতকাল পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্থিক খাতের সমস্যা ও সমাধানের পথ জানা আছে। ফলে অর্থমন্ত্রীর দায়িত্বে তিনি ব্যর্থ হবেন না। কোনো মিথ্যা আশ্বাসও দেবেন না। সঠিকভাবে দায়িত্ব পালন করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন। তিনি আরও বলেন, অর্থমন্ত্রণালয় যেভাবে চলছিল সেভাবে আর চলবে না। বড় বা বিশাল পরিবর্তন আসবে এই মন্ত্রণালয়ে। নতুনত্ব আসবে মন্ত্রণালয়ের কাজে।
গতকাল শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যাংকিং খাতে বিরাজমান সমস্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে। অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। সমস্যা চিহ্নিত না করে অনুমানের ভিত্তিতে কাজ করলে কোনো সমাধান আসবে না। আর্থিক খাতে যে ত্রুটি-বিচ্যুতি আছে তার বাস্তবভিত্তিক সমাধান করতে হবে।
আজ সোমবার অর্থমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া আ হ ম মুস্তফা কামাল গত পাঁচ বছর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। রাজনীতিক পরিচয়ের বাইরে ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত তিনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০১৪ সালে তিনি আইসিসির সভাপতিও নির্বাচিত হন। মুস্তফা কামাল অর্থমন্ত্রী হওয়ায় তার স্থানে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন গত পাঁচ বছর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা এম এ মান্নান।
গতকাল সংবাদ সম্মেলনে মুস্তফা কামাল বলেন, চ্যালেঞ্জ আসবে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করাই বাহাদুরি। চ্যালেঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হিসেবে নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করলে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে না। প্রধানমন্ত্রী সুশাসন নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। মানুষ বুঝতে শুরু করছে, প্রধানমন্ত্রীর কথা ও কাজ এক।
একই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া এম এ মান্নান বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সফলভাবে পালন করেছেন আ হ ম মুস্তফা কামাল। তার পথ ধরে আগামীতে এ মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। অগ্রগতি ধরে রাখা অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে যে কোনোভাবেই এ অগ্রগতি ধরে রাখতে হবে। কোনো সমস্যা আসলে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে সমাধন করা হবে। এ সময় মুস্তফা কামাল আরও বলেন, বিশ্বের অনেক দেশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এক সঙ্গে থাকে। ফলে পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পাওয়া এম এ মান্নানকে সঙ্গে নিয়ে এক সাথে উন্নয়নের কাজ করবেন। হাতে হাত ধরে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবেন।
কুমিল্লা প্রতিনিধি জানান, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে আ হ ম মুস্তফা কামাল চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তিনি সকল মহলে ‘লোটাস কামাল’ হিসেবে পরিচিত। গতকাল রবিবার তাকে সরকারের অর্থমন্ত্রী করার খবর এলাকায় জানাজানি হলে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে। ওই আসন এলাকার সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উত্সবে মেতে ওঠেন।
