আশুগঞ্জে বিএনপি প্রার্থীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৫

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আশুগঞ্জ উপজেলায় স্থগিত ৩টি কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এ উপলক্ষে গতকাল রবিবার বিকালে আশুগঞ্জে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া। এ সময় উপজেলার যাত্রাপুর গ্রামে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকালে দুর্বৃত্তরা তার গাড়িও ভাঙচুর করে। সরাইল যাওয়ার পথে সোহাগপুর গ্রামেও তার গাড়ির ওপর হামলা চালানো হয়।

বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূইয়া বলেন, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মঈন উদ্দিন মঈন সমর্থকরা আমার ওপর অতর্কিত হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন হামলায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার বলেন, বিএনপি প্রার্থী এই বিষয়ে আমাকে মৌখিকভাবে জানিয়েছেন।