গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এক সময় তাঁত শিল্পের জন্য ছিল প্রসিদ্ধ। আর এই তাঁত শিল্পের জন্য একান্ত প্রয়োজন হস্তচালিত হ্যান্ডলুম। কিন্তু সভ্যতার ক্রমবিকাশে নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এ উপজেলার তাঁত শিল্প যেমন বিলুপ্তির পথে, তেমনি এ শিল্পের জন্য অতি প্রয়োজনীয় যন্ত্র হস্তচালিত কাঠের হ্যান্ডলুমও আজ হারিয়ে যাচ্ছে।
জানা যায়, তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ উপজেলার খঞ্জনা, ভাতগাতি, বড়নগর, চৌড়া, উত্তরগাঁও, বালীগাঁও, ঈশ্বরপুর, বাহাদুরসাদীর গ্রামের একাধিক বাড়িতে এ হস্তচালিত হ্যান্ডলুম ছিল। কিন্তু বর্তমানে উপজেলার মাত্র দুটি বাড়িতে ২টি করে মোট ৪টি হ্যান্ডলুমের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বড়নগর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে ২টি এবং বালীগাঁও গ্রামের ফকির বাড়িতে ২টি হ্যান্ডলুম দেখা গেছে। বড়নগর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে তাঁত শিল্পের অতি দরকারী এ যন্ত্রটি পরিচালনা করেন একই গ্রামের ষাটোর্ধ শামসুর রহমান। তিনি দীর্ঘ দু’যুগেরও বেশি সময় ধরে এ পেশার সাথে জড়িত আছেন। শুরু থেকেই হস্তচালিত হ্যান্ডলুম যন্ত্রটি পরিচালনা করছেন তিনি। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই হস্তচালিত হ্যান্ডলুম যন্ত্রটি টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় বলে মনে করছেন তাঁত শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা ।
