টঙ্গীতে তুলা ও পুরাতন ট্রান্সফরমারের গুদামে আগুন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২৩:৫৮

রবিবার সকালে গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি তুলা ও একটি পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফরমারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওইসব গুদামে থাকা তুলা, ট্রান্সফরমার, তারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, ভোর সোয়া ৫টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার শরিফুল ইসলামের মালিকানাধীন একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই তুলার গুদাম ছাড়াও পাশে আক্তার হোসেনের মালিকানাধীন পুরাতন বৈদ্যুতিক ট্রান্সফরমারের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কর্মকর্তার ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।