শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের যুগীরছিট গ্রাম থেকে জান্নাত (১৮) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাত ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে জান্নাতের স্বামী আল আমীন (২২) পলাতক রয়েছে। জানা যায়, বছর খানেক আগে উপজেলার কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের করিম মিয়ার ছেলে আল আমীনের সাথে পারিবারিকভাবে জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে জান্নাত পিত্রালয়ে বসবাস করতো। গত ২ জানুয়ারি আল আমিন তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং এরপর থেকেই জান্নাতের খোঁজ মিলছিল না। রবিবার সকালে আল আমিনের বাড়ির পাশে মোশারফের ভিটার বেগুন ক্ষেতে স্থানীয় লোকজন জান্নাতের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত গৃহবধূর বড় ভাই আবুল কালামের অভিযোগ, আল আমীন পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যাকাণ্ডের সাথে জড়িত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় হত্যা মামলা হয়েছে।
