সড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে সোনারগাঁও থানা পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ডাকাতরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের মুগারচর গ্রামের মিছির আলীর ছেলে মোঃ নোমান (২৪) ও মোগরাপাড়া ইউনিয়নের নানআলাপদী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আহসানউল্লাহ (২৭)।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, উপজেলার মোগড়াপারা ইউনিয়নের কাইকারটেক ব্রিজ এলাকায় গত শনিবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের গতিরোধ করে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। রাতের অন্ধকারে তারা বিভিন্ন যানবাহনে ডাকাতি করে থাকে। সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিভিন্ন যানবাহনের যাত্রীদের মারধর, ছুরিকাঘাত ও গাড়ি ভাংচুর করে টাকা পয়সা লুট করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে নোমান ও আহসানউল্লাহকে গ্রেপ্তার করা হয়। অপর ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত ডাকাতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে ডাকাতির কথা স্বীকার করেছে। বিশেষ করে শীত মৌসুমে গভীর রাতে তারা যানবাহনে হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
