ফুলচাষিদের জন্য সহযোগিতা

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৪৩

করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলচাষিরা। সারা বছরই ফুলের চাহিদা থাকে। বিয়ে, জন্মদিনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ফুলের ব্যবহার বাড়ছে দিন দিন। সে কারণে বেড়েছে ফুল চাষ। উত্পাদিত হচ্ছে নানা রকমের ফুল। বড় পরিসরে ফুল রফতানির কথা ভাবা হচ্ছে। ফুল চাষ করে অনেকেই এখন স্বাবলম্বী। করোনার হানায় মাসের পর মাস বাগানে ফুল পচে যাচ্ছে। গরু-ছাগলের খাবার হচ্ছে। বিক্রি নেই। ফুলচাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সেক্টরটি এখন হুমকির মুখে। সে কারণে যারা আসলে ক্ষতির শিকার হয়েছে, তাদের তালিকা করা দরকার। তাদের সরকারি সাহায্য পৌঁছে দিতে হবে। ক্ষতি কাটিয়ে ওঠার মতো তাদের হাতে কিছু নেই। যাঁরা জমি লিজ নিয়ে ফুল চাষ করেছেন, তাঁদের অবস্থা অত্যন্ত করুণ। তাই সরকারের কাছে বিনীত আবেদন এই যে, অন্য সব কৃষকের মতো ফুলচাষিদের সাহায্য করা হোক।

মুহাম্মদ শফিকুর রহমান

বনানী, ঢাকা