সুইডেনের স্টকহোমস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুরে ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে দূতাবাসের কর্মকর্তারা ও উপস্থিত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: গুইমারার আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি শ্যাম প্রসাদকে গ্রেফতার
তিনি বলেন, ‘উত্তরাধিকার সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক ও নেতৃত্বসুলভ সকল গুণাবলি অর্জন করেন শেখ কামাল। শেখ কামালের লক্ষ্য ছিল শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিকতর এক বাংলাদেশ গড়ার। মাত্র ২৬ বছরের সংক্ষিপ্ত জীবনে শেখ কামাল ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতিসহ সকল ক্ষেত্রে যেসব অসামান্য কর্ম দিয়ে দেখিয়েছেন, তা এদেশের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।’

রাষ্ট্রদূত শেখ কামালের জীবনাদর্শকে বাংলাদেশের তরুণদের জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান।
আলোচনা শেষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার বর্ণাঢ্য জীবন ও বিভিন্ন সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে নির্মিত ‘মনের মানুষ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সবশেষে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পাঠ করা হয়।
ইত্তেফাক/এএএম
