ঘুষের মামলায় নাজমুল হুদা কারাগারে

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০০:৪২

দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানো হয়েছে। সাজা বহালের মামলায় আত্মসমর্পণের পর জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এইচ এম রুহুল ইমরান। গতকাল রবিবার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর বিষয়টি সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। 

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় আড়াই কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়েরকৃত মামলায় নাজমুল হুদাকে সাত বছরের এবং তার স্ত্রী সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের পুন:শুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর হাইকোর্ট নাজমুল হুদাকে চার বছরের কারাদণ্ড দেয়। একইসঙ্গে রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছার ৪৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। রায়ে বলা হয়, দুর্নীতি একটি অভিশাপ। সমাজের সর্বত্রই দুর্নীতি দেখা যাচ্ছে। কোনো সরকারি কর্মচারীর দুর্নীতি শুধু সমাজের ভিত্তিকেই ক্ষয় করে না তা জাতীয় স্বার্থ ও অর্থনীতির জন্য ক্ষতিকর। যখন একজন ব্যক্তি সরকারের কোনো শীর্ষ পদে যায় এবং ক্ষমতার অপব্যবহার করে তখন ওই দুর্নীতি দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করে।