উত্তরায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০০:৪২

 

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাস চালক রাসেল ভুইয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। তরুণী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকরা।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক সাংবাদিকদের জানান, তরুণীর বাসা দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায়। ২৮ ডিসেম্বর সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড থেকে তিনি আসমানি পরিবহনের একটি বাসে যাত্রী হিসেবে উঠেন আব্দুল্লাহপুরে যাওয়ার জন্য। সেখান থেকে বাসায় ফেরার কথা। আব্দুল্লাহপুরে তাকে না নামিয়ে বাসটি সুইচগেট এলাকার দিকে নিয়ে যায় চালক রাসেল। এসময় চালক, হেলপারসহ আরও ২-৩ জন ছিল বাসে। চলন্ত বাসে তারা তরুণীকে শ্লীতাহানি এবং ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করতে বাসের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পড়েন। এতে তিনি আহত হন।

এ ঘটনায় ৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় তরুণীর চাচা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওইদিন বিকালে চালক রাসেলকে পুলিশ গ্রেফতার করে। আসমানি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পরে তাকে একদিনের রিমান্ড নেওয়া হয়। তবে মামলার অপর আসামি হেলপার মিরাজসহ অজ্ঞাতরা পলাতক রয়েছে।