জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে গোপালগঞ্জবাসী অভিনন্দন জানিয়েছেন। বিপুল ভোটে জয়লাভ করে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। গোপালগঞ্জ জেলা সমিতি ঢাকার উদ্যোগে গতকাল পান্থপথের কার্যালয়ে সমিতির সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিবারের প্রবীণ সদস্য শেখ কবির হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় গোপালগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নানা ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের জয়যাত্রাকে অবিচল রেখেছেন শেখ হাসিনা। দেশি-বিদেশি কুচক্রীমহল নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র ও নাশকতার ফাঁদ তৈরির চেষ্টা করলেও সব জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করেছে দেশের মানুষ।
শেখ কবির হোসেন বলেন, দেশের উন্নয়নের একমাত্র মূলশক্তিই হলো গণতন্ত্র যা আজ জননেত্রী শেখ হাসিনার হাতে সুরক্ষিত হয়েছে। কেননা জাতীয় ঐক্যজোটের নামে যুদ্ধাপরাধী, সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে যে ষড়যন্ত্রের খেলায় কুচক্রীমহল মেতে উঠেছিল। এদেশের মানুষ ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি
