মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মদ পঞ্চম আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। গতকাল রবিবার তিনি মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করেন। রুশ সুন্দরী সাবেক মিস মস্কোর সঙ্গে রাজা সুলতানের প্রেম-বিয়ের খবর নিয়ে জোর গুঞ্জনের মধ্যে এ পদত্যাগের ঘটনা ঘটলো। দুই বছর আগে তিনি রাজার পদে আসীন হন। তার মেয়াদ ছিল ৫ বছর। এই প্রথম মালয়েশিয়ায় কোনো রাজা মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করলেন। তার পদত্যাগপত্র সঙ্গে সঙ্গেই গৃহীত হয়। রাজপ্রাসাদ এক বিবৃতিতে রাজার পদত্যাগের খবর জানিয়েছে। তবে পদত্যাগের কারণ জানানো হয়নি। দুই মাসের চিকিত্সা ছুটির পর এক সপ্তাহ আগে কাজ শুরু করেন ৪৯ বছর বয়সী রাজা। ছুটির মধ্যেই রাশিয়ার রাজধানীতে সাবেক ‘মিস মস্কো’র সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। কিন্তু মালয়েশিয়ার কর্মকর্তারা এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কিংবা সুলতানের স্বাস্থ্য নিয়েও বিস্তারিত কিছু জানাননি। - রয়টার্স
