দ্রুতগতিতে বাড়ছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২০:৪৬

ভারতে প্রতিদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যেও করোনার সংক্রমণ বেড়েই চলছে। গত বৃহস্পতিবার এ রাজ্যে ২,৯৫৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

এনডিটিভির খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের সব রেকর্ড ভেঙেছে।

রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, বাংলায় কোভিড-১৯ এ মৃত্যুর হার ২.২ শতাংশ। তবে যারা মারা গেছেন তাদের মধ্যে ৮৭ শতাংশ রোগীই কোমর্বিডিটির শিকার। গত একদিনে ৫৬ জনের প্রাণ গেছে করোনায়। এদের মধ্যে ২৭ জনই কলকাতার বাসিন্দা। 

মুখ্যসচিব রাজীব সিনহা আরও বলেন, কোমর্বিডিটি ছাড়াও ২০ শতাংশ কোভিড রোগী অনেক দেরিতে হাসপাতালে আসার জন্য মৃত্যু হয়েছে। তবে রাজ্যে করোনাকালীন কোন সংকট নেই।

তিনি জানান, রাজ্যে করোনা রোগীদের জন্য হাসপাতালের বেড সংখ্যা বাড়িয়ে ১১,৫৬০ টি করা হয়েছে। যার মধ্যে ৩৯ শতাংশ বেড এখনও ফাঁকা রয়েছে। হাসপাতালগুলোতে ৪,০০০ এরও বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন যার মধ্যে ১,১৪৪ জনের অবস্থা গুরুতর, ১,০৪৩ জনের অবস্থা মাঝারি মানের এবং ১,৯৪৬ জনের শরীরে এই রোগের খুব হালকা লক্ষণ রয়েছে।

আরও পড়ুন:যুক্তরাষ্ট্রেও বিপদের মুখে টিকটক!

রাজীব সিনহা আরও বলেন, এর মধ্যে আবার ১,১৩৪ জনের শরীরে প্রায় কোনও লক্ষণই দেখা না গেলেও তাদের বাড়ি পাঠানোর ঝুঁকি নেয়নি রাজ্য সরকার।

ইত্তেফাক/আরআই