শান মাসুদের কীর্তি

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২১:৪২

স্পোর্টস রিপোর্টার

১৯৯৬ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল পাকিস্তান। সে বছরই ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করেছিলেন সাঈদ আনোয়ার। এরপর গত দুই যুগে পাকিস্তানের কোনো ওপেনার এই দেশটিতে এসে সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে সেই খরা ঘোচালেন শান মাসুদ। বিপরীত স্রোতে দাঁড়িয়ে করলেন সেঞ্চুরি। সঙ্গত কারণেই এই ইনিংসকে কোচ মিসবাহ-উল-হক বলছেন, স্পেশাল এক ইনিংস।

শান মাসুদের জন্ম কুয়েতে। এরপর চার বছর বয়সে পাকিস্তান চলে আসেন। কিন্তু ভালো ক্রিকেট শেখার টানেই একটা লম্বা সময় কাটিয়েছেন এই ইংল্যান্ডে। কিন্তু ২০১৬ সালে এই ইংল্যান্ডে এসে তেমন রান পাননি। অবশেষে অপেক্ষার অবসান হলো।

মাসুদের ইনিংস নিয়ে কোচ মিসবাহ বলছিলেন, ‘ব্রড-অ্যান্ডারসন-আর্চার-ওকসকে নিয়ে গড়া পেস আক্রমণের বিপক্ষে এটি অসাধারণ এক ইনিংস। তার নিবেদন ছিল দুর্দান্ত, কঠোর পরিশ্রমের ফল পেয়েছে সে। এবার সে নিজেকে প্রমাণ করেছে ইংল্যান্ডে।’

ইনিংসের বেশির ভাগটা জুড়ে মাসুদ ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি। ১৫৬ বলে করেছেন ফিফটি, ২৫১ বলে সেঞ্চুরি। পরে যখন দল অলআউট হওয়ার দোরগোড়ায়, তখন আবার আগ্রাসি ব্যাটিংয়ে দ্রুত বাড়িয়েছেন দলের রান। দারুণ কিছু শট আর চার-ছক্কায় দেখিয়েছেন, এখানেও তিনি কম যান না।

সেঞ্চুরির পরও তৃপ্ত না হলে এগিয়ে গেছেন বলেই মাসুদকে নিয়ে বেশি খুশি মিসবাহ, ‘তার পারফরম্যান্সে আমি খুবই সন্তুষ্ট, বিশেষ করে এটি স্রেফ সেঞ্চুরি নয়, বড় সেঞ্চুরি। সেঞ্চুরির পরপরই যদি সে আউট হয়ে যেত, দল তাহলে বিপদে পড়ত। কিন্তু সে দেড়শ করেছে এবং প্রায় শেষ পর্যন্ত টেনেছে দলকে, এজন্যই এই ইনিংসটি সত্যিই স্পেশাল।’