মাইক্রোবাসের চাকায় পিষ্ট হলো হিমালয় জয়ের স্বপ্ন

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:০৩

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও রেশমা নাহার রত্না স্বপ্ন দেখেছিলেন একদিন হিমালয় জয় করবেন। এজন্য তিনি পর্বতারোহণের অভিযান শুরু করেন। দেশের কেওকারাডাং চূড়া, কেনিয়ার লেনানা চূড়া, ভারতের কাঙরি পর্বত ও কাং ইয়াতসে-২ সফলভাবে আরোহণ করেন। আগামী বছর তিনি হিমালয় জয়ের অভিযান শুরু করতেন। সাইক্লিং করার সময় রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাস চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্নার (৩৩) স্বপ্ন পিষ্ট হয়ে যায়। গতকাল শুক্রবার উড়োজাহাজ মোড় থেকে লেক রোড দিয়ে গণভবনের দিকে যাওয়ার সময় লেক ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা দিয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রেশমা উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল             চালিয়ে গণভবনের দিকে আসার সময় লেকের ব্রিজের দিকে টার্ন নেওয়ার সময় পেছন থেকে আসা একটি কালো রঙয়ের মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন। মাইক্রোবাসের ধাক্কায় রেশমার সাইকেলের পিছনের চাকা বেঁকে যায়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা রেশমাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রেশমার দুমড়ে মুচড়ে যাওয়া সাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসটি ধরা যায়নি। এ জন্য পুলিশের দুইটি টিম কাজ করছে। সংসদ ভবন এলাকায় স্থাপিত সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, রেশমা ছিলেন ধানমন্ডির আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মিরপুর টোলারবাগে পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টারে থাকতেন তিনি।

অপরদিকে, ঘটনার পরপর গতকাল নিহত রেশমার বোনের স্বামী মনিরুজ্জামান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

মনিরুজ্জামান বলেন, পেশায় শিক্ষক হলেও রেশমার রক্তে ছিল অভিযানের  নেশা। পর্বতারোহণের পাশাপাশি ম্যারাথন দৌড়ে তিনি অংশ নিতেন। তার স্বপ্ন ছিল একদিন তিনিও হিমালয় জয় করবেন। কিন্তু মাইক্রোবাসের চাকার নিচে তার সেই স্বপ্ন পিষ্ট হয়ে গেলো।