বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করতে সরকার সচেষ্ট ...... পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:১৭

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফেরত আনার বিষয়ে সরকার সচেষ্ট। মুজিববর্ষে এক জন খুনির রায় কার্যকর করা হয়েছে। এই সময়ে আরো এক জন খুনিকে দেশে ফেরত এনে রায় কার্যকর করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি জাতির পিতার সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহেদা সুলতানা, পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল হোসেন শেখ,  টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।