জীবন্ত লাশ হয়ে পড়ে থাকা আইনজীবীকে অবশেষে উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২২:২৭

নিজের ঘরে অসুস্থ হয়ে পড়ে ছিলেন ব্যারিস্টার কাজী সিরাতুন নবী (৪৫)। চব্বিশ ঘণ্টা তার কোন সাড়া শব্দ নেই। সন্দেহ হয় বাসার কেয়ারটেকারের। এরপর সেই কেয়ারটেকার খবর দেন পরিবারের সদস্যদের। কিন্তু কেউ এগিয়ে আসেনি। পরে পুলিশে খবর দেয়া হলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার এমন ঘটনা ঘটে রাজধানীর ধানমন্ডিতে। 

পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল্লাহিল কাফি বলেন, ধানমন্ডির ৭/এ নম্বর সড়কের ৯০ নম্বর বাড়িতে থাকছিলেন এ আইনজীবী। কয়েক বছর আগে তাকে ছেড়ে দুই সন্তান নিয়ে চলে যান স্ত্রী। এরপর থেকে কেয়ারটেকার নূরে আলম তার সাথে বাড়িতে থাকতেন। তার দেখভাল রান্না-বান্না সব একাই করতেন। স্ত্রী এই বাড়িতে না এলেও মাঝে মাঝে কেয়ারটেকারকে ফোন দিয়ে স্বামীর খোঁজ নিতেন।

বাসার কেয়ারটেকারের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে খবর পায় পুলিশ। পরিবারের সদস্যদের ডেকে এনে ঘরটির ভেতরে ঢোকেন পুলিশের সদস্যরা। তারা দেখেন, খাটের এক প্রান্তে শুয়ে আছেন সিরাতুন নবী। অপরপ্রান্তে ছিল তার লুঙ্গি, তার পাশে রক্ত। সিরাতুন নবীর শ্বাস-প্রশ্বাস তখনো সক্রিয়। ওই অবস্থা থেকে দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠায় পুলিশ। এখন শারীরিক অবস্থা খুব একটা ভালো না হলেও বেঁচে আছেন সিরাতুন নবী। 

ইত্তেফাক/কেকে