বরিশালে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে সেলাই মেশিন বিতরণ

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৩৮

বরিশাল অফিস

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ৬৬ জন নারীর মধ্যে সেলাই মেশিন ও ২০ জন দরিদ্রের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, সনাক জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, সদর উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে বাদ জোহর বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সরকারি ব্রজমোহান কলেজে বঙ্গমাতার জন্মদিন পালন

সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) বঙ্গমাতার জন্মদিন উপলক্ষ্যে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিএম কলেজ মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাতের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, শিক্ষক পরিষদ সম্পাদক মো. আল-আমিন সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম সরদার, বাংলা বিভাগের প্রধান প্রফেসর নুসরত জাহান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এম এম তারেকুজ্জামানসহ অন্যরা বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বাদ জোহার দোয়া-মোনাজাতে অংশ নেন।