উন্নতির আশায় মুমিনুল

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

ঈদের ছুটির পর ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়েছে। বিসিবির ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগতভাবে দেশ জুড়ে পাঁচটি স্টেডিয়ামে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, তাইজুল ইসলামরা ঘাম ঝরিয়েছেন। তবে পাঁচ মাস পর মাঠে ফেরা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুলের ওপরই নজর ছিল সবার। গত মার্চের পর থেকে ঘরবন্দি হয়ে থেকেছেন তিনি। গতকাল ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরে রানিং করে মূল মাঠ পাঁচ বার এবং হেঁটেও ছয় বার প্রদক্ষিণ করেছেন তিনি।

মাঠের বাইরে থাকলেও করোনাকালে ঘরে ফিটনেসের কাজ করেছেন ক্রিকেটাররা। সঙ্গে মাঠের ক্রিকেটে উন্নতির জন্য কৌশলগত অনেক আলোচনা করেছেন। ক্রিকেটের ব্যস্ততা যখন থাকে, তখন এমন আলোচনার সুযোগ হয় না সাধারণত। বাংলাদেশ দলের কোচিং স্টাফের সদস্যদের সঙ্গে, সর্বশেষ গ্যারি কার্স্টেনের অনলাইন ক্লাসেও হাজির হয়েছিলেন ক্রিকেটাররা। মুমিনুল মনে করেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। এগুলো কাজে লাগিয়ে মাঠের ক্রিকেটে উন্নতি আনা সম্ভব।

করোনাকালীন সময়ে করা কাজ প্রসঙ্গে গতকাল অনুশীলন শেষে টেস্ট অধিনায়ক বলেছেন, ‘লকডাউনের সময় আমরা ক্রিকেট নিয়ে অনেকটা চিন্তা-ভাবনা করার সুযোগ পেয়েছি। যেহেতু কোনো কাজ ছিল না। কেউ ফিটনেস কাজ করেছে। কেউ সাইকোলজিক্যালি কাজ করেছে। কোচদের সঙ্গে টেকনিক্যাল, ট্যাকটিক্যাল কাজ করেছে। কীভাবে খেলাটা স্কিলের দিক থেকে উন্নতি করা যায়। অনেকে তার ব্যক্তিগত কাজ করেছে কীভাবে নিজের খেলার আরো উন্নতি করা যায়।’

মুমিনুল আরো বলেছেন, ‘আমার কাছে মনে হয় খুব বেশি ভালো আলোচনা হয়েছে যেগুলো দিয়ে আমরা ভালো কিছু আশা করতে পারি। যেগুলো কাজে লাগানো যায়। খেলার ভেতরে থাকলে এগুলো নিয়ে আলোচনা করার সুযোগ কম হয়। মাঠের বাইরে থেকে খেলা কীভাবে উন্নতি করা যায় সেগুলো নিয়ে কাজ করেছি।’

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পেরে খুশি মুমিনুল। আন্তর্জাতিক ক্রিকেট মিস করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশেষ করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের খেলা আফসোস বাড়াচ্ছে মুমিনুলের।

সাদা পোশাকে ৯টি সেঞ্চুরির মালিক বলেছেন, ‘যেহেতু চার-পাঁচ মাস বাইরে ছিলাম। অবশ্যই ক্রিকেটটা অনেক মিস করেছি। বিশ্বের অনেক দল ক্রিকেটে ফিরছে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। তাদের দেখলে অবশ্যই খারাপ লাগে, মিস করি। আমরাও আস্তে আস্তে ক্রিকেটে ফেরার চেষ্টা করছি। সামনে আমাদের টেস্ট ম্যাচ আছে। সেজন্য আমরা ভালো একটা প্রস্তুতি নেব। ভালো শুরু করতে পারব ইনশাল্লাহ।’