ম্যানচেস্টার টেস্টে একাদশে জায়গা না হলেও মাঠে ঠিকই দেখা গেছে সরফরাজ আহমেদকে। উইকেটে থাকা ব্যাটসম্যানদের জন্য পানি, জুতা নিয়ে মাঠে গেছেন তিনি। দলকে নেতৃত্ব দেওয়া একজন সিনিয়র ক্রিকেটারকে এই কাজে দেখে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছেন সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। রাওয়াল পিন্ডি এক্সপ্রেস নিজের ইউটিউব চ্যানেলে সমালোচনা করে বলেন, ‘দৃশ্যটি আমার ভালো লাগেনি। সরফরাজ সম্মানিত ব্যক্তি। পাকিস্তানকে চার বছর ধরে নেতৃত্ব দিয়েছে, দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছে, এমন একজনের সঙ্গে এমনটি করা যায় না। তাকে জুতা বহন করতে বাধ্য করা হয়েছে। সে নিজে থেকে যদি এমনটি করে, তাকে থামানো উচিত। ওয়াসিম আকরাম কখনো আমার জন্য জুতা নিয়ে আসেনি।’
