প্রয়োজনে কক্সবাজার এসপিকে জিজ্ঞাসাবাদ করবে র্যাব

আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২৩:০৮

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে র্যাব। তদন্তের প্রয়োজনে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের ফোনালাপের বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই করা সাপেক্ষে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল র্যাব সদর দপ্তরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত কক্সবাজারের এসপি এ বি এম মাসুদ হোসেনের ফোনালাপের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রয়োজনে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আসামিদের শিগিগর জিজ্ঞাসাবাদ করা হবে।

ঘটনার দিন স্টামফোর্ড ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী শিপ্রা ও সিফাতের মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া যায়। এ ব্যাপারে র্যাবের এই কর্মকর্তা বলেন, খোয়া যাওয়া ল্যাপটপ, হার্ডডিস্ক ও মোবাইল ফোন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা নিবেন।