ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার শনিবার উত্তর বঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা জেলার মধ্য খাটিয়ামারি গ্রাম পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত মিলার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে প্রদত্ত নগদ অর্থসহায়তা ও স্বাস্থ্যবিধি উপকরণসহ বিভিন্ন জরুরিসহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সঙ্গে কথা বলেন। তার সঙ্গে যোগ দেন গাইবান্ধা জেলা ও ফুলছড়ি উপজেলার স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ এবং এই জরুরিসহায়তা কার্যক্রম পরিচালনাকারী সংস্থা কেয়ার বাংলাদেশ ও এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ।
রাষ্ট্রদূত মিলার বলেন, বন্যাদুর্গতদের জন্য মানবিকসহায়তা প্রদানে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি আরো বলেন, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ বাংলাদেশের জনগণের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা এবং বাংলাদেশ সরকার, কেয়ার এবং এসকেএস ফাউন্ডেশনের সঙ্গে আমাদের অংশীদারিত্বের নিদর্শন।
একটি ত্রাণ বিতরণ স্থানে বিরতি নিয়ে রাষ্ট্রদূত মিলার, স্থানীয় কর্মকর্তাগণ এবং এনজিও প্রতিনিধিগণ ইউএসএআইডির সৌহার্দ ৩ কার্যক্রমের অংশ হিসেবে ২০১৯ সালের বন্যার পরে উঁচু করা বসতভিটায় নির্মিত বাড়িঘর পরিদর্শন করেন। গত বছর বাড়িঘর, গোয়াল, গৃহস্থালি খেতখামারসহ ১ হাজার ৫০০-এর অধিক বসতভিটা বন্যার স্তরের চেয়ে উঁচু করা হয়েছে। এখন এসব বাড়ির মালিকদের সম্পদগুলো বন্যা থেকে সুরক্ষিত রয়েছে এবং এসব মালিক এখন বাড়িঘর বন্যায় প্লাবিত হওয়া প্রতিবেশী পরিবারগুলোকে আশ্রয় দিতে পারছে।
যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডির মাধ্যমে ১৯৭১ সাল থেকে বাংলাদেশে উন্নয়ন সহায়তা হিসেবে ৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করেছে। তাছাড়া যুক্তরাষ্ট্র সরকার একাধিক সংস্থা থেকে বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে এ পর্যন্ত ৫৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বেশি অর্থসহায়তা প্রদান করেছে। খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষা উন্নতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চা উত্সাহিতকরণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের জীবনমান উন্নয়নে ২০১৯ সালে ইউএসএআইডি এককভাবে ২০০ মিলিয়ন ডলারের অধিক অর্থ প্রদান করেছে।
