গুগল, টুইটারের পথে হাঁটল ফেসবুকও। করোনা থেকে কর্মীদের সুরক্ষিত রাখতে আরো এক বছরের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে অফিসের কাজ করার অনুমোদন দিল মার্ক জাকারবার্গের সংস্থা। শুধু তাই নয়, বাড়িতে অফিসের পরিকাঠামো তৈরির জন্য ১ হাজার মার্কিন ডলার আর্থিক সাহায্যও কর্মীদের দেওয়ার কথা ঘোষণা করল ফেসবুক। সংস্থার মুখপাত্র বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, কর্মীরা ২০২১ সালের জুলাই পর্যন্ত ‘ওয়ার্ক ফ্রম হোম’ করতে পারবেন।
ফেসবুকের আরেক মুখপাত্র ঘোষণা করেছেন, ‘সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এবং আমাদের সংস্থার অভ্যন্তরীণ আলোচনার পরিপ্রেক্ষিতে করোনা ভাইরাস থেকে কর্মচারীদের দূরে রাখা জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সব কর্মীদের ইমেইল করে এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ফেসবুক জানিয়েছে, সেসব ক্ষেত্রে যেমন হার্ডওয়্যার ও ডাটাসেন্টারে কর্মীদের সশরীরে কাজ করতে হয়। তাদের হোম অফিস করানো বাস্তবে অসম্ভব। তাই এসব স্থানে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাদের যাতায়াত ও অফিস করার ব্যবস্থা করা হবে।
সারা বিশ্বেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। আপাতত এটা নিশ্চিত যে, টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত এই ভাইরাস থেকে কার্যত মুক্তি নেই। এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষের দিকে তথ্যপ্রযুক্তি জায়ান্ট গুগল ঘোষণা করেছিল, তাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ি থেকে অফিসের কাজ করতে পারবেন। অপরদিকে টুইটার করোনার ঝুঁকি শতভাগ নির্মূল না হওয়া পর্যন্ত তার কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ওয়ার্কফ্রম হোমের সুবিধা দিয়েছে। এসব প্রতিষ্ঠানে দেড় লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজ করেন।
